![]()
ইবি রিপোর্ট
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই আলোচনার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকারের অবস্থান রয়েছে। এ লক্ষ্য অর্জনে আগে থেকে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হবে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। আলোচনা শেষে এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।