• হোম > মতামত > সোনার দাম নির্ধারণে বাজুসের একক কর্তৃত্ব কেন?

সোনার দাম নির্ধারণে বাজুসের একক কর্তৃত্ব কেন?

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৫১
  • ১৩

---

আহমেদ তোফায়েল

গতকাল ফেসবুকে একটি বিশ্লেষণ তুলে ধরেছিলাম—‘ সোনা এখন ধরে রাখবেন, নাকি বিক্রি করবেন?’ সেই বিশ্লেষণ নিয়ে আলোচনার মধ্যে ফেসবুক বন্ধু সুচিন্তা কুমার সাহা কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণের পদ্ধতি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের দামের সামঞ্জস্য এবং এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব নিয়েও। তাঁর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি বিষয়গুলো নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি এই লেখায়।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় চাহিদা, সরবরাহ ও অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে। বাংলাদেশে সেই দামের সঙ্গে স্থানীয় বাজারের সামঞ্জস্য কতটা? একটি বেসরকারি ব্যবসায়ী সংগঠন কি একাই সোনার দাম নির্ধারণ করবে, নাকি এ ক্ষেত্রে রাষ্ট্রের কার্যকর ভূমিকা থাকা উচিত?

বাংলাদেশে সোনার দাম বাড়লে বা কমলে বাজুসের নতুন দর ঘোষণার অপেক্ষায় থাকেন ক্রেতা ও ব্যবসায়ীরা। সংগঠনটি দাম ঘোষণা করে, সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো সাধারণত তা অনুসরণ করে। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে দেশের সোনার বাজার। কিন্তু একটি আন্তর্জাতিকভাবে বাণিজ্যযোগ্য পণ্যের দাম নির্ধারণে বেসরকারি ব্যবসায়ী সংগঠনের এত বড় ভূমিকা থাকা কতটা যুক্তিসংগত?

ডলারের কথাই ধরা যাক। ডলারের বিনিময় হার নির্ধারণে মানি চেঞ্জারদের কোনো সংগঠনকে একক কর্তৃত্ব দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও বাজারব্যবস্থার মাধ্যমে ডলারের বিনিময় হার পরিচালিত হয়। তাহলে সোনার ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা কেন?


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য কোথায়?

আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, শুল্ক-কর ও স্থানীয় সরবরাহ বিবেচনায় দেশের বাজারে সোনার দাম নির্ধারিত হওয়া উচিত। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে তার প্রতিফলন কত দ্রুত ঘটে, কিংবা দাম বাড়লে স্থানীয় বাজারে কত দ্রুত বাড়ানো হয়, তার তুলনামূলক হিসাব সাধারণ ক্রেতাদের সামনে নিয়মিত তুলে ধরা হয় না। সোনার দাম নির্ধারণের সূত্র ও হিসাব প্রকাশ করা হলে ক্রেতাদের আস্থা বাড়ত। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা তৈরি হতো।

পোদ্দার সমিতির দর যাচাই করে কে?

সোনার দাম নির্ধারণে পুরান ঢাকার তাঁতীবাজারের বাংলাদেশ পোদ্দার সমিতিরও ভূমিকা রয়েছে। সমিতিটি স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবি সোনার পাইকারি দর নির্ধারণ করে। সেই দরকে ভিত্তি ধরে বাজুস খুচরা বাজারের দাম ঘোষণা করে।

কিন্তু প্রশ্ন হলো, পোদ্দার সমিতির নির্ধারিত পাইকারি দর কীভাবে যাচাই করা হয়? এই দর কি প্রকৃত বাজার লেনদেনের প্রতিফলন, নাকি ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়?

আন্তর্জাতিক বাজারের দাম, ডলারের বিনিময় হার, স্থানীয় সরবরাহ ও চাহিদা বিবেচনায় নেওয়া হলেও সেগুলোর সুনির্দিষ্ট হিসাব কীভাবে করা হয়, তা সাধারণ ক্রেতাদের কাছে পরিষ্কার নয়। প্রতিদিনের পাইকারি দর নির্ধারণের লিখিত সূত্র আছে কি? প্রকৃত কেনাবেচার তথ্য দিয়ে সেই দর যাচাই করা হয় কি? কোনো স্বাধীন নিরীক্ষা বা সরকারি তদারকি রয়েছে কি?

বাজুসের কাছেও প্রশ্ন রয়েছে। পোদ্দার সমিতির নির্ধারিত দরকে ভিত্তি ধরে খুচরা মূল্য ঘোষণার আগে বাজুস কি স্বাধীনভাবে সেই দর যাচাই করে? আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় পাইকারি দরের তুলনামূলক হিসাব কি সংরক্ষণ করা হয়? প্রতি ভরিতে ব্যবসায়ীদের মুনাফা কীভাবে নির্ধারিত হয়?

যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরাই যদি পাইকারি দর নির্ধারণের প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করেন, তাহলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ব্যবস্থা কী? দাম কে নির্ধারণ করছে, সেটিই শুধু প্রশ্ন নয়; সেই দাম যাচাই করছে কে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের হিসাব:

২৪ ক্যারেট সোনা প্রায় বিশুদ্ধ। অন্যদিকে ২২ ক্যারেট সোনায় বিশুদ্ধতার পরিমাণ প্রায় ৯১ দশমিক ৬৭ শতাংশ। ফলে ২২ ক্যারেটের গয়না ও ২৪ ক্যারেটের স্বর্ণবারের দাম সরাসরি তুলনা করা ঠিক নয়। গয়নার ক্ষেত্রে নকশা, মজুরি, পাথর ও করের খরচ যুক্ত হয়।

তবে ক্রেতাকে বুঝতে দিতে হবে, তিনি কত টাকার সোনা কিনছেন এবং কত টাকা মজুরি ও কর দিচ্ছেন। এ জন্য সোনার মূল দাম, মজুরি ও ভ্যাট আলাদা করে দেখানো এবং প্রতিটি গয়নার বিশুদ্ধতার নিশ্চয়তা দেওয়া প্রয়োজন।

রাষ্ট্রের দায়িত্ব কোথায়?

বাংলাদেশে স্বর্ণের ব্যবসা পরিচালনার জন্য স্বর্ণ নীতিমালা-২০১৮ রয়েছে, যা ২০২১ সালে সংশোধন করা হয়। কিন্তু নীতিমালা থাকলেই বাজারে স্বচ্ছতা নিশ্চিত হয় না। এর বাস্তবায়ন ও তদারকিও প্রয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ ক্ষেত্রে সক্রিয় হতে হবে। বাজুস ও পোদ্দার সমিতির প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় থাকতে পারেন। তবে মূল্য নির্ধারণের প্রক্রিয়া কোনো একটি সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকা উচিত নয়।

আন্তর্জাতিক বাজারের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, কর ও স্থানীয় সরবরাহ বিবেচনায় একটি স্বচ্ছ মূল্য নির্ধারণের সূত্র তৈরি করা যেতে পারে। প্রতিদিন দাম পরিবর্তনের কারণও প্রকাশ করা উচিত।

সোনা বাংলাদেশের মানুষের কাছে শুধু অলংকার নয়, সঞ্চয় ও পারিবারিক সম্পদেরও একটি মাধ্যম। অনেক পরিবার সারা জীবনের সঞ্চয় দিয়ে কয়েক ভরি সোনা কেনে। তাই এই বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

শেষ পর্যন্ত প্রশ্নটি সহজ—ডলারের দাম নির্ধারণে যদি কোনো ব্যবসায়ী সংগঠনের একক কর্তৃত্ব না থাকে, তাহলে সোনার ক্ষেত্রে এমন ব্যবস্থা কেন থাকবে? বাংলাদেশের সোনার বাজার কি শুধু ব্যবসায়ীদের সিদ্ধান্তে পরিচালিত হবে, নাকি ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় রাষ্ট্র একটি স্বচ্ছ কাঠামো নিশ্চিত করবে?

এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের।

লেখক: বিজনেস এডিটর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।

সাবেক কর্মস্থল: দৈনিক যায়যায়দিন, বর্তমান, দেশ রূপান্তর ও  দৈনিক ইত্তেফাক


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23830 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 10:06:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh