![]()
ইবি রিপোর্ট
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
তবে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ হিসাব এখনো জানা যায়নি। বোর্ডভিত্তিক বিস্তারিত ফলাফল থেকে এ তথ্য জানা যাবে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়। আগে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল যাচাই করা হতো। নতুন ব্যবস্থায় উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়াও পুনরায় পর্যালোচনার সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এরপর ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের আবেদনে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র যাচাইয়ের জন্য অন্তর্ভুক্ত হয়।
পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।