• হোম > জাতীয় | রাজনীতি > ‘বস্তা বস্তা টাকা লেনদেন’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ফুয়াদ

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
  • ৭

---

ইবি রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যকে মুখ ফসকে বলা কথা বা ‘স্লিপ অব টাং’ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করার পর তার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছেছে। এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন আসাদুজ্জামান ফুয়াদ। ওই সময় তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। পরে তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ৪ নভেম্বর ফুয়াদকে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি তিনি। এ অবস্থায় তার আইনজীবী অসুস্থতার বিষয়টি জানিয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন।

আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর তারিখ নির্ধারণ করে ওই দিন ফুয়াদকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। মন্তব্যটিকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করার পর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে চলমান আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23827 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 10:01:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh