![]()
ইবি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা দুই দিন বাড়ানো হবে। তাঁর এ ঘোষণার ফলে যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তাঁদের জন্য আরও সময় পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয় গত ১১ নভেম্বর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রীর ঘোষণা কার্যকর হলে আবেদনের নতুন শেষ দিন হবে ২৭ নভেম্বর।
তবে সময় বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে নতুন সময়সীমা কার্যকর হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
এদিকে ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সূচিতে আপাতত কোনো পরিবর্তনের তথ্য জানানো হয়নি। ইউনিটভিত্তিক সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর নির্ধারিত রয়েছে।