• হোম > রাজনীতি > বিএনপিতে ফিরতে পারেন সাত স্বতন্ত্র এমপি, বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপিতে ফিরতে পারেন সাত স্বতন্ত্র এমপি, বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৫
  • ১২

---

ইবি রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এ তালিকায় নির্বাচনে জয়ী সাত সংসদ সদস্যও রয়েছেন। দলীয় বিভক্তি দূর করে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। সংশ্লিষ্ট দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কয়েকজন নেতা দলে ফেরার আবেদন করেছেন। অন্যরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হন। এখন বহিষ্কৃত নেতাদের মধ্যে যারা দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন, তাঁদের আবেদন পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সাত সংসদ সদস্যের প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে।

এই সাত সংসদ সদস্য হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক ও বহিষ্কৃত নেতাদের নামও রয়েছে। তাঁদের মধ্যে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং নির্বাহী কমিটির সাবেক সদস্য পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন।

এ ছাড়া মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলীর নাম রয়েছে। তালিকায় আরও আছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

সম্ভাব্য তালিকায় দেশের বিভিন্ন জেলার আরও অনেক নেতার নাম রয়েছে। তাঁদের মধ্যে দিনাজপুরের আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুরের রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুরের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোরের ডা. ইয়াসির আরশাদ রাজন ও দাউদার মাহমুদ, পুঠিয়ার ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের ব্যারিস্টার রেজাউল করিম এবং ঢাকা-১৪ আসনে নির্বাচন করা এস এ সিদ্দিক সাজু রয়েছেন।

এ ছাড়া কুষ্টিয়ার নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাটের ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জের মোহাম্মদ দুলাল হোসেন ও মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদীর মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জের মো. মহিউদ্দিন ও মো. মুমিন আলী এবং কিশোরগঞ্জের রেজাউল করিম চুন্নুর নামও আলোচনায় রয়েছে।

সম্ভাব্য তালিকায় ময়মনসিংহ দক্ষিণের এ বি সিদ্দিকুর রহমান ও মো. মোর্শেদ আলম, নেত্রকোনার মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুরের লাভলু সিদ্দিকী, কামাল জামাল নুরউদ্দিন মোল্লা ও মিল্টন বৈদ্য রয়েছেন। গোপালগঞ্জের এম এস খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের নামও রয়েছে। পাশাপাশি সুনামগঞ্জের আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজারের মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও কৃষিবিদ সাইদুজ্জামান কামালের নাম আলোচনায় এসেছে।

কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

বহিষ্কৃত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কেউ কেউ ইতিমধ্যে দলে ফেরার আবেদন জমা দিয়েছেন। অন্যরা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষা করছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে তাঁরাও আবেদন করবেন। তাঁদের ভাষ্য, নির্বাচনের সময়কার পরিস্থিতি বিবেচনা করেই তাঁরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন আবেদন করলে সমালোচনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, আবেদন প্রক্রিয়াটি মূলত আনুষ্ঠানিকতা; কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে যেকোনো সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

তিনি আরও বলেন, সব আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রয়োজন এবং যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিষয়গুলো বিবেচনা করছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনের সময় সৃষ্ট বিভক্তি দূর করে নেতাকর্মীদের আবার সাংগঠনিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনাই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে শেষ পর্যন্ত কোন কোন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে এবং কারা দলে ফিরবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23817 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 09:57:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh