• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ট্রাম্পের সঙ্গে যোগাযোগে সাড়া নেই, অস্ত্র বাড়াচ্ছেন কিম!

ট্রাম্পের সঙ্গে যোগাযোগে সাড়া নেই, অস্ত্র বাড়াচ্ছেন কিম!

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৫:১৯
  • ১০

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে অগ্রগতি না হলেও নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন ওয়াশিংটনের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করে সামরিক সক্ষমতা সম্প্রসারণে মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে কিমকে আলোচনায় ফেরানোর চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না।

রোববার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এশিয়া সফরে গিয়েও কিমের সঙ্গে বৈঠক করতে পারেননি ট্রাম্প। এর মধ্য দিয়ে দুই নেতার মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের আরেকটি প্রচেষ্টা সফল হয়নি।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে কিমের সঙ্গে ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগ পুনরায় চালুর চেষ্টা করছেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলোতে পিয়ংইয়ংয়ের সাড়া মেলেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দাপ্তরিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাতে কোনো উত্তর পাওয়া যায়নি। পরে তিনি একটি চিঠি লেখেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনে কর্মরত এক কূটনীতিকের মাধ্যমে সেটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু জাতিসংঘের পরবর্তী এক বৈঠকে চিঠিটি না খুলেই এক মার্কিন কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়।

কিমের সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্পের আগ্রহ থাকলেও উত্তর কোরিয়ার অবস্থান ভিন্ন। পিয়ংইয়ং জানিয়েছে, যুক্তরাষ্ট্র নিরস্ত্রীকরণের চাপ বন্ধ না করা পর্যন্ত তারা সংলাপের কোনো উদ্যোগ গ্রহণ করবে না। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা দেশটির কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ কমেছে কিমের।

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির চিত্রও উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে ট্রাম্প ও কিমের সর্বশেষ বৈঠকের সময় দেশটির পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ২০ থেকে ৩০টি। বর্তমানে তা বেড়ে আনুমানিক ৬০টিতে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, এ সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যে হতে পারে। তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের মজুত প্রায় ৫ হাজার ৪২টি।

এ ছাড়া উত্তর কোরিয়ার কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে মনে করে যুক্তরাষ্ট্র। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের পাশাপাশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ওয়াশিংটনের নিরাপত্তা হিসাবের অংশ হয়ে উঠেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৮ সালে কিমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্যও করেছিলেন ট্রাম্প। কিমের কাছ থেকে সুন্দর চিঠি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, কিমের প্রেমে পড়ে গেছেন। তবে ওই বৈঠকগুলো থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সুনির্দিষ্ট চুক্তি আসেনি। বরং পরবর্তী সময়ে উত্তর কোরিয়া নিজেদের অস্ত্র কর্মসূচি এগিয়ে নিয়েছে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প কিমকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতাকে বড় বলে স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের তুলনায় ছোট বলে মন্তব্য করেন।

চলতি সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের আগে কিমের সঙ্গে চতুর্থ বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ধারণা ছিল, কিম তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহী হবেন। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন শেষে কিমের সঙ্গে সাক্ষাৎ না করেই চীন ছাড়েন ট্রাম্প। পরে তিনি জানান, ব্যস্ততার কারণে ওই সময়ে বৈঠক সম্ভব হয়নি এবং ভবিষ্যতে কোনো এক সময় কিমের সঙ্গে দেখা হতে পারে। অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ওই সময় কিমকে একটি স্কি রিসোর্ট ও নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা যায়।

বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত করতে কিমকে রাজি করানো ট্রাম্পের জন্য কঠিন হবে। গত বছর মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়নেও বলা হয়েছিল, কিমের কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহ নেই।

ট্রাম্পের প্রথম মেয়াদের পর উত্তর কোরিয়া আইন করে নিজেদের পারমাণবিক মর্যাদা সুরক্ষিত করেছে। একই সঙ্গে দেশটি অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় হিসেবে ঘোষণা করেছে। অর্থনৈতিকভাবে চীনের ওপর নির্ভরশীলতা বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সামরিক সম্পর্ক গভীর করেছে পিয়ংইয়ং। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠানোর মাধ্যমে মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে দেশটি।

সূত্র: দ্য টেলিগ্রাফ


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23808 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 09:37:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh