• হোম > জাতীয় | বাংলাদেশ > ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন, গাজীপুরে সর্বোচ্চ

৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন, গাজীপুরে সর্বোচ্চ

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১৫:১১
  • ৯

---

ইবি রিপোর্ট

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ৯ জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি সদস্য দায়িত্ব পালন করছেন গাজীপুরে। সেখানে নতুন করে আরও চার প্লাটুন সদস্য পাঠানোয় মোট মোতায়েনের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ প্লাটুনে। গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন সদস্য।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা, বিশৃঙ্খলা এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল বজায় রাখতে এসব সদস্যকে বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলাভিত্তিক মোতায়েনের হিসাবে, গাজীপুরে ১৭ প্লাটুন এবং গোপালগঞ্জে ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ফরিদপুরে পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আনসার ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্যও তারা প্রস্তুত রয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট জেলাগুলোতে সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23804 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 09:28:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh