![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ মতবিনিময় শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া প্রতিনিধি দলে আছেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।
একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন বিরোধীদলীয় নেতা।
সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে এ আলোচনা চলছে।