![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
জাপানের কৃষি খাতে শ্রমিক সংকটের মধ্যে কাজের সুযোগ বাড়ছে বাংলাদেশিদের। দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগে চ্যালেঞ্জ তৈরি হওয়ায় দেশটির প্রতিষ্ঠানগুলো এখন দক্ষিণ এশিয়ার শ্রমবাজারের দিকে ঝুঁকছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এক বছরে ১২৭ শতাংশ বেড়েছে। জাপানের কৃষি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছে এই পরিবর্তন।
টোকিওভিত্তিক দক্ষ বিদেশি কর্মী প্রশিক্ষণ ও নিয়োগ প্রতিষ্ঠান মিরাই সম্প্রতি প্রথমবারের মতো কৃষি খাতে বাংলাদেশি প্রার্থী নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী জাপানের কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। গত আগস্টে জাপানের নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা এই সুযোগ পান। তাদের কর্মস্থল উত্তর-পূর্ব জাপানের আওমোরি প্রিফেকচার। আগামী কয়েক মাসের মধ্যে তাদের জাপানে যাওয়ার কথা রয়েছে।
নতুন এই সুযোগ পাওয়া দুই বাংলাদেশির একজন ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব। জাপানে গিয়ে আধুনিক কৃষিপদ্ধতি শেখার পাশাপাশি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুরগির যত্ন নিতে চান তিনি। অন্যজন বরিশালের ২০ বছর বয়সী সিয়াম উর রহমান। জাপানে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কঠোর পরিশ্রমের প্রত্যয় জানিয়েছেন তিনি।
জাপানের সরকারি পরিসংখ্যানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। গত জুনে দেশটিতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কৃষিশ্রমিকের সংখ্যা দাঁড়ায় ৪৪ হাজার ৫০ জনে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ বেশি। এ শ্রেণির কর্মীরা সাধারণত সর্বোচ্চ পাঁচ বছর জাপানে থাকার সুযোগ পান।
দেশভিত্তিক হিসাবে কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মী সরবরাহ করছে ইন্দোনেশিয়া। গত এক বছরে দেশটির কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জন হয়েছে। তবে প্রবৃদ্ধির হারে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। নেপালের কর্মী ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কার ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশের কর্মী ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে পৌঁছেছে।
কৃষি, বনায়ন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩৯ হাজার ২৩৪ জন নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর ৬০ শতাংশের বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে। তবে এসব দেশের শ্রমিক সরবরাহের পরিস্থিতিতে পরিবর্তন আসায় জাপানের নিয়োগদাতারা বিকল্প উৎস খুঁজছেন।
মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম, ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে স্থানীয় মজুরি বাড়ছে। ফলে এসব দেশ থেকে জাপানের কৃষি খাতে কর্মী আকর্ষণ করা আগের তুলনায় কঠিন হচ্ছে। এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া থেকে কর্মী নিয়োগের প্রবণতা বাড়ছে।
২০১৮ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সাসটেইনেবল হোল্ডিংস। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিষ্ঠানটির সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। এসব প্রতিষ্ঠানে ১৮ বছর থেকে শুরু করে ত্রিশোর্ধ্ব বয়সী শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নেন। সাধারণত নারীরা পরিচর্যামূলক পেশায় এবং পুরুষেরা কৃষিকাজে আগ্রহ দেখান।
বাংলাদেশে প্রতিষ্ঠানটির তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত এসব প্রতিষ্ঠানে জাপানি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ঢাকার প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করেন নরিকো নুর নবি। দুই শিক্ষার্থীর জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনাকে তিনি নিজের জন্য বড় আনন্দের বিষয় বলে উল্লেখ করেছেন।
সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরার মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের কর্মীরা পরিশ্রমী হিসেবে পরিচিতি পেয়েছেন। ফলে জাপানের শ্রমবাজারে এসব দেশের কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ছে।
জাপানের কৃষি খাতে শ্রমিক সংকট এবং প্রচলিত শ্রমিক সরবরাহকারী দেশগুলোর পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তবে এই সুযোগ কাজে লাগাতে ভাষা শিক্ষা, দক্ষতা অর্জন এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি প্রয়োজন। মিরাইয়ের মাধ্যমে দুই বাংলাদেশির যাত্রা সেই সম্ভাবনার একটি নতুন উদাহরণ।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট