![]()
ইবি রিপোর্ট
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। এ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন।
রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দুটিতে সই করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান। সোমবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান। এ তালিকায় আরও রয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম আরও জোরদার করার উদ্দেশ্যে এসব কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের এ দায়িত্বের মেয়াদ হবে দুই মাস।
এ ছাড়া সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংযুক্তির আদেশ কার্যকর করা হয়েছে।