![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিকপক্ষের প্রস্তাব সামনে আসছে। এ নিয়ে সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় বোর্ডের কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হচ্ছে। একই সময়ে বোর্ডের কার্যালয়ের সামনে মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিক পরিষদের নেতাকর্মীরা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের নোটিশে সভার বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সভায় তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো লিখিতভাবে জমা দেবেন। এরপর শিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের বেতন নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে বোর্ডের কার্যালয়ের সামনে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন গার্মেন্টস শ্রমিক পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরে এ দাবি জানাচ্ছেন তাঁরা।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত বেতন কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করেন। তাঁর প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা বেতনের প্রস্তাবও রয়েছে।
অন্যদিকে অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য চারটি গ্রেডে পৃথক বেতন কাঠামো প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এ ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়েছে।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব প্রস্তুতের জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পরবর্তী সভায় নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা। নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা আন্দোলন করে আসছেন।
গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।