![]()
ইবি রিপোর্ট
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে তাঁকে বিশেষ রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে সরকার। সফরের দুই দিন তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ দেওয়া ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিমকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানকালে তিনি এ বিশেষ মর্যাদা পাবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।