• হোম > আন্তর্জাতিক অর্থনীতি | জাতীয় > এল নিনোর ধাক্কায় ঊর্ধ্বমুখী কৃষিপণ্যের বিশ্ববাজার

এল নিনোর ধাক্কায় ঊর্ধ্বমুখী কৃষিপণ্যের বিশ্ববাজার

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯
  • ২৬

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক

এল নিনোর প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে অস্থিরতা বাড়ছে। প্রতিকূল আবহাওয়া, উৎপাদন কমার আশঙ্কা এবং সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সঙ্গে বিকল্প পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ছে বিভিন্ন কৃষিপণ্যের। চাল, ডাল, রাবার ও চিনির বাজারে এর প্রভাব পড়েছে। আঞ্চলিক বাজার ছাড়িয়ে পরিস্থিতির প্রভাব পড়ছে বিশ্ববাজারেও।

বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশ ভারতেও আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। গত অক্টোবরের শেষ দিকে দেশটির চালের রপ্তানি মূল্য বেড়েছে। দাম পৌঁছেছিল দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এরপরও চালের রপ্তানি মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। খবর নিক্কেই এশিয়ার।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) পূর্বাভাসে ভারতের চাল উৎপাদন কমার আশঙ্কা করা হয়েছে। সংস্থাটির হিসাবে, ২০২৬-২৭ বিপণন বর্ষে উৎপাদন দাঁড়াতে পারে ১৪ কোটি ৭০ লাখ টন। আগের বছরের তুলনায় উৎপাদন কমতে পারে ৭০ লাখ টন। পূর্বাভাসটি বাস্তবায়িত হলে ২০০৯-১০ সালের পর এটিই হবে সর্বোচ্চ পতন। ওই সময় এল নিনোর প্রভাবে দেশটিতে তীব্র খরা দেখা দিয়েছিল।

চালের বাজারে বাড়ছে চাপ

ভারতের পাশাপাশি থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দামও বেড়েছে। গত সপ্তাহে দেশ দুটির রপ্তানি মূল্য প্রায় দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চাল আমদানিকারক ফিলিপাইনের বাড়তি কেনাকাটা দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আগামী বছর থাইল্যান্ড ও ভিয়েতনামে খরার আশঙ্কাও বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। এতে ভবিষ্যতে চালের সরবরাহ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তুলনামূলক কম দামের কারণে ক্রেতারা ভারতীয় চালের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

ভারতের বাজারে চালের পাশাপাশি ডালের দামও বাড়ছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর মটর ডালের দাম কেজিতে ১৩৫ রুপি ২১ পয়সায় পৌঁছেছে। এক বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১৮ শতাংশ। একই সময়ে মাষকলাইয়ের দাম বেড়েছে ১২ শতাংশ। বর্তমানে প্রতি কেজি মাষকলাই বিক্রি হচ্ছে ১২৬ রুপি ৭১ পয়সায়। উৎপাদন কমার আশঙ্কা এবং বিকল্প খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধিতে দাম বাড়ছে।

রাবারের বাজারেও এল নিনোর প্রভাব

প্রাকৃতিক রাবারের বাজারেও আবহাওয়ার প্রভাব পড়েছে। দুই সপ্তাহ আগে জাপানের ওসাকা এক্সচেঞ্জে রাবারের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম বেড়েছিল। প্রতি কেজির দর পৌঁছায় ৪৪৫ ইয়েন ২ সেনে। দুই সপ্তাহের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ দাম। এর আগে গত অক্টোবরের মাঝামাঝি দর উঠেছিল ৪৬৮ ইয়েন ২ সেনে। সেটি ছিল ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বের সবচেয়ে বড় রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে টানা ভারি বৃষ্টি হচ্ছে। এতে গাছ থেকে রাবার সংগ্রহ এবং প্রক্রিয়াজাতের কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে খরা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। এর প্রভাবে কৃত্রিম রাবারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বিকল্প হিসেবে প্রাকৃতিক রাবারের চাহিদা বাড়ছে।

চিনির দামও দেড় বছরের সর্বোচ্চে

চিনির বাজারেও প্রতিকূল আবহাওয়ার প্রভাব দেখা যাচ্ছে। ব্রাজিল ও ভারতে উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) চিনির দাম বেড়েছে। প্রতি পাউন্ড ২১ ডলার ২৯ সেন্টে পণ্যটি বেচাকেনা হয়েছে। প্রায় দেড় বছরের মধ্যে এটিই সর্বোচ্চ দাম।

বাজার বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন। তাঁদের মতে, এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে ঝুঁকি বাড়বে। একই বছরে একাধিক প্রধান উৎপাদন অঞ্চলে ফসলহানি ঘটতে পারে। ফলে এক অঞ্চলের ঘাটতি অন্য অঞ্চল থেকে পূরণ কঠিন হবে।

মারুবেনি ইনস্টিটিউটের বিশ্লেষক এরিকো মিয়ামোরি বলেন, ‘এল নিনোর প্রভাব ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। শীতকালে উত্তর গোলার্ধের উন্নত দেশগুলোয়ও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23746 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 10:23:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh