• হোম > দেশজুড়ে | বিনোদন > সুইমস্যুট পর্বে মাহির ভিন্ন সাজ, প্রশংসায় বাংলাদেশ

সুইমস্যুট পর্বে মাহির ভিন্ন সাজ, প্রশংসায় বাংলাদেশ

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫
  • ২১

---

ইবি বিনোদন রিপোর্ট

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে প্রচলিত উপস্থাপনার বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র সাজে হাজির হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীদের অনেকে বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাক বেছে নিলেও মাহির পরনে ছিল শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক। তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্ব প্রতিযোগিতার অন্যতম আলোচিত আয়োজন। এ পর্বে প্রতিযোগীরা নিজেদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও উপস্থাপনার দক্ষতা তুলে ধরেন। সাধারণত এ আয়োজনে বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাক দেখা যায়। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন ধরনের পোশাক।

তাঁর নীল পোশাকটি ছিল ফুলহাতা ও শরীরের সঙ্গে মানানসই। এর সঙ্গে যুক্ত ছিল লম্বা নীল কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাকের নকশা ও মঞ্চে তাঁর উপস্থাপনায় ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্য।

স্থানীয় সময় রোববার রাতে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। সেখানে তিনি জানান, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের পরিচয় তুলে ধরছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহির পোশাক নির্বাচন ও মঞ্চে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করেছেন। একজন মন্তব্যে লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে তুলে ধরা সম্ভব, মাহি সেটিই দেখিয়েছেন। আরেকজন তাঁর পরিবেশনাকে বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক হিসেবে অভিহিত করেছেন।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও নিজস্ব ভাবনায় বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের ধারণাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শাড়িতে সাজেন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের সর্বজনীন বন্ধন ও ভালোবাসার বার্তা তুলে ধরার চেষ্টা করেন বাংলাদেশের এই প্রতিযোগী।

এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই আয়োজনেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।

সুইমস্যুট ও ন্যাশনাল কস্টিউম—দুই পর্বেই ভিন্ন উপস্থাপনার মধ্য দিয়ে আলোচনায় এসেছেন মাহি। চূড়ান্ত পর্বের আগে তাঁর এই উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23743 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 10:23:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh