![]()
ইবি রিপোর্ট
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে ফল পুনর্বিবেচনার আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিকেল ৩টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
গতকাল রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় পৌনে তিন লাখের বেশি শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। আবেদনকারীদের উত্তরপত্র যাচাইয়ের কাজ টানা ১৪ দিন ধরে চলে। এ সময়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক বিষয়ে ফেল করেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
মূল ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের জন্য বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষে বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক উত্তরপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করেছে। আজ বিকেল ৩টায় প্রকাশিত ফলের মাধ্যমে আবেদনকারীরা জানতে পারবেন তাঁদের ফলাফলে কোনো পরিবর্তন এসেছে কি না।
এদিকে মূল ফল এবং পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পরও যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য থাকবেন, তাঁদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষাও শেষ করা হবে।
ফল প্রকাশের প্রায় এক মাসের মাথায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এই বিশেষ পরীক্ষার সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড। ফলে পুনঃনিরীক্ষণের ফলের পাশাপাশি সম্পূরক পরীক্ষার প্রস্তুতিও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে গুরুত্ব পাচ্ছে।