![]()
ইবি রিপোর্ট
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং বাজারে সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে বড় পরিসরে গুদাম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’
বর্তমানে সংস্থাটির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে মোট পণ্য সংরক্ষণের সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
তবে স্বল্পমেয়াদি সম্প্রসারণের পাশাপাশি দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে টিসিবির। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে। চেয়ারম্যান ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।’
গুদামের সংখ্যা ও ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপৎকালীন পণ্য মজুত বা বাফার স্টক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ এবং ব্যবস্থাপনা কেমন হবে, তা নির্ধারণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। সমীক্ষার কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’
বাজারে পণ্যের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন দেখা দিলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত মজুত গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। একই সঙ্গে বড় পরিমাণে পণ্য সংগ্রহ এবং চাহিদা অনুযায়ী সেগুলো বিতরণের সক্ষমতা বাড়ানো হবে।
টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো পণ্য মজুত রাখতে চায়। এ ছাড়া পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিশেষ করে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় আগাম সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকেই পর্যাপ্ত পণ্য মজুত রাখা জরুরি। গুদামের ধারণক্ষমতা বাড়লে রমজানসহ চাহিদা বৃদ্ধির মৌসুমে প্রয়োজনীয় পণ্য আগেভাগে সংগ্রহ করে বাজারে সরবরাহ করা সহজ হবে।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করছে টিসিবি। এসব কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর নির্ভর করে গুদামের প্রয়োজনীয়তা নির্ধারিত হয়।
নিজস্ব ও ভাড়া করা গুদাম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থায়ী অবকাঠামো গড়ে তোলার দিকে এগোচ্ছে সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল পাওয়ার পর বাফার স্টকের পরিমাণ ও তা বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হবে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনায় টিসিবির সক্ষমতা বাড়বে। পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনাও সহজ হবে।