![]()
ইবি রিপোর্ট
তিন সপ্তাহ ধরে চলা তৈরি পোশাকশিল্পের শ্রম অসন্তোষের অবসান ঘটাতে মজুরি নির্ধারণের আলোচনা এগিয়ে নিতে চায় নিম্নতম মজুরি বোর্ড। এ লক্ষ্যে আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বোর্ডের তৃতীয় সভা। বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব আসতে পারে। তবে কত টাকা মজুরি প্রস্তাব করা হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মালিকপক্ষ।
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকপক্ষ এই অঙ্ক আড়াই গুণের বেশি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। ফলে মালিকপক্ষের প্রস্তাব কত হবে, তা নিয়ে শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মালিকপক্ষের সম্ভাব্য প্রস্তাব নিয়ে দায়িত্বশীল কেউ প্রকাশ্যে মন্তব্য করছেন না। তবে এক সপ্তাহ আগে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গিয়েছিল, তাঁরা ১৫ হাজার টাকার আশপাশে ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারেন। এরপর থেকে তাঁদের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এবারের মজুরি প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে মজুরি নির্ধারণ নিয়ে একটি স্থায়ী পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে মালিকপক্ষের। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানিয়েছেন, চলতি বছরের মজুরি প্রস্তাবের সঙ্গে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে নিয়মিত মজুরি সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হবে। এতে মজুরি নিয়ে বারবার তৈরি হওয়া অস্থিরতা নিরসনে একটি কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
মজুরি বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পোশাক খাতে প্রায় তিন সপ্তাহ ধরে শ্রম অসন্তোষ চলতে থাকায় বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে চায় বোর্ড। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরির প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কারখানার মালিকরাও দ্রুত মজুরি ঘোষণা চান। রোববার (২২ নভেম্বর) আয়োজিত এক ওয়েবিনারে মজুরি বোর্ডের স্থায়ী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “আমরা আশা করি, চলতি মাসের মধ্যে আলোচনার মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি নির্ধারণ করতে পারব।”
এদিকে রোববার আগের কয়েক দিনের তুলনায় শ্রম অসন্তোষ কিছুটা কম থাকলেও শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ ছিল বলে জানিয়েছেন শিল্পমালিকেরা। নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা জানান, ওই দিন ১০৪টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো যায়নি। এর মধ্যে ৬২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৪২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।
গাজীপুরের একটি পোশাক কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রম অসন্তোষের কারণে আগের দিনগুলোতে তাঁদের কারখানা বন্ধ থাকলেও রোববার উৎপাদন কার্যক্রম চালু ছিল। তবে মজুরি বোর্ডের সভার পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।