![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের একাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারায় মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সেলিমের ভাষ্য, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা আশপাশের চালু কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন। যেসব কারখানার শ্রমিকেরা দেরিতে বের হচ্ছিলেন, তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সেলিমের দাবি, অন্য কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ না করে চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে বলে জানান তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। মুঠোফোনে তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কারখানা কিংবা অন্য শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাঁদের ওপর হামলা চালিয়েছে।
ওই শ্রমিক বলেন, ‘সরকার, মালিকপক্ষ বরাবরই মজুরি ঘোষণা নিয়ে তালবাহানা করে। সেদিনের মিটিংও একজনের জন্য স্থগিত করা হয়েছে।’ বিষয়টিকে ‘স্পষ্ট গড়িমসি’ উল্লেখ করে দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তিনি।
শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার আশুলিয়ার ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো—সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।
এর আগে শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছিলেন, দিনের শুরুতেই শ্রমিকদের কর্মবিরতির কারণে ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করে কারখানার ভেতরে বসে ছিলেন।
চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশের আশা, পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে কর্মবিরতির কারণে সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা আরও কমবে। তাদের তথ্য অনুযায়ী, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।