• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > সমান সুবিধা পেলে বেশি মজুরি দিতে আপত্তি নেই: বিজিএমইএ সভাপতি

সমান সুবিধা পেলে বেশি মজুরি দিতে আপত্তি নেই: বিজিএমইএ সভাপতি

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯
  • ৩০

---

ইবি রিপোর্ট

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ভিন্নমত উঠে এসেছে। একদিকে ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি, অন্যদিকে শিল্পের অবকাঠামো, উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতার সীমাবদ্ধতা তুলে ধরছেন উদ্যোক্তারা। এ অবস্থায় ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত থাকার কথা জানালেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করার শর্ত দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

রোববার (২২ নভেম্বর) পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস এন্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘যেসব দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই।’

ভিয়েতনামের সঙ্গে মজুরির তুলনা প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, ‘বলা হয়, ভিয়েতনামের মজুরি আমাদের চেয়ে বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু আমাদের সেই অবকাঠামো দিতে হবে।’

বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ও সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, লজিস্টিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনামের তুলনায় পিছিয়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা লিড টাইমে তাদের তুলনায় অনেক পিছিয়ে, ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ খাত নেই, বা তার জন্য প্রয়োজনীয় জ্বালানি সাপোর্টও নেই।’

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি জানান, ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা বলা হলেও তাঁদের গড় মাসিক প্রকৃত আয় ১৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য দেশে সরকার শ্রমিকদের যেসব সুবিধা দিয়ে থাকে, সেসব ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শ্রমিকদের আন্দোলনে নামার কারণ ও মালিক-শ্রমিক আলোচনার পরিবেশ নিয়ে ভিন্ন বক্তব্য দেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিক ধরেই নেয় যে, রাস্তায় না থাকলে আমাদের পক্ষে আলোচনা আসবে না। …এ আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।’

জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না, এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? …আমাদের এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামলে সেটা দেখা যেতে পারে, কিন্তু বিশৃঙ্খলা কাম্য নয়।’

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আরও বলেন, অন্যান্য দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সরকার বিভিন্ন সুবিধা দিলেও বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা নেই। এখানে শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়টি মূলত কারখানার মালিকদের ওপর নির্ভরশীল। এ ছাড়া ন্যূনতম মজুরি নির্ধারণে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাব, জাতীয় ন্যূনতম মজুরি না থাকা, ন্যূনতম মজুরির ভিত্তির সংজ্ঞা নির্ধারিত না হওয়া এবং মজুরি বোর্ডের গবেষণার ঘাটতির বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

অন্যদিকে, ওভারটাইমের মাধ্যমে পাওয়া বাড়তি অর্থকে ন্যূনতম মজুরির অংশ হিসেবে বিবেচনা করার বিষয়ে আপত্তি জানান বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার। তাঁর মতে, ওভারটাইম বাদ দিয়ে শ্রমিক নিয়মিত কাজের বিনিময়ে কত টাকা পাচ্ছেন, সেটিই মজুরি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা উচিত।

নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন আশা প্রকাশ করেন, চলতি মাসের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি নির্ধারণ করা সম্ভব হবে।

আলোচনায় পোশাকশিল্পের বর্তমান সংকট তুলে ধরেন গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

অনুষ্ঠানে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এমন একটি স্থায়ী, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণনির্ভর মজুরি নির্ধারণ পদ্ধতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। তাঁদের মতে, এই কাঠামোতে শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি পোশাকশিল্পের টেকসই সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23712 ,   Print Date & Time: Monday, 23 November 2026, 10:17:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh