• হোম > দেশজুড়ে > যুক্তরাষ্টে মাদার অব ডেমোক্রেসি’ নামে সড়ক পাচ্ছেন খালেদা জিয়া

যুক্তরাষ্টে মাদার অব ডেমোক্রেসি’ নামে সড়ক পাচ্ছেন খালেদা জিয়া

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ২০:৪১
  • ১০

---

ইবি রিপোর্ট

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের নাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব করা হয়েছে। তাঁর রাজনৈতিক নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং জনসেবার স্বীকৃতি হিসেবে সড়কটির সম্মানসূচক নাম রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা জানানো হয়। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের নির্দিষ্ট একটি অংশ খালেদা জিয়ার নামে নামকরণের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

প্রস্তাবনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এতে তাঁকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয়। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে কয়েক দশক ধরে দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ঐতিহাসিক ভূমিকার বিষয়টিও প্রস্তাবে স্থান পেয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তাঁর অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

নারী শিক্ষার প্রসারেও খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরা হয় প্রস্তাবনায়। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর এই উত্তরাধিকার পরিবার ও বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে তাঁর ছেলে তারেক রহমানের নামও তুলে ধরা হয়েছে।

সড়কটির নামকরণের স্থান হিসেবে শিকাগোর উইলিস টাওয়ারসংলগ্ন এলাকাকে বেছে নেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শহরের স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক হিসেবে পরিচিত। পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানের কথাও এতে উল্লেখ করা হয়েছে। শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে তাঁর অবদান রয়েছে বলে প্রস্তাবনায় বলা হয়েছে।

তবে সড়কটির নামকরণের প্রস্তাব এখনো কার্যকর হয়নি। শিকাগো সিটি কাউন্সিলে এটি পাস ও প্রকাশিত হওয়ার পরই কার্যক্রম শুরু হবে। প্রস্তাবনায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব শিকাগোর পরিবহন কমিশনারকে দেওয়ার কথা বলা হয়েছে।



This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23709 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 03:04:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh