![]()
ইবি রিপোর্ট
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে কলেজে পরীক্ষা চলার সময় এ বিস্ফোরণে একজন কর্মচারী ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানিয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী জানান, বিস্ফোরণের সময় তারা ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ মোতায়েন ছিল। তার ধারণা, ককটেলটি ওই দিক থেকে ছোড়া হয়ে থাকতে পারে। আবার কলেজের ছাদ থেকেও সেটি ফেলা হয়ে থাকতে পারে। তবে ঘটনার মুহূর্তে তারা কিছু বুঝে উঠতে পারেননি।
কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন জানান, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে কাছেই দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে শব্দ শুনে তারা গাড়ির চাকা ফেটে গেছে বলে ধারণা করেছিলেন।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হলে তারা বুঝতে পারেন, এটি বিস্ফোরণের ঘটনা। পরে জানতে পারেন, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
কবি নজরুল সরকারি কলেজের আহ্বায়ক ইরফান আহম্মেদ বলেন, কলেজে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজের মালিসহ তিনজন আহত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কলেজে অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।
এদিকে ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এখনো ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন উৎস থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।