• হোম > রাজনীতি > জেলা ও মহানগরী আমিরদের নিয়ে জামায়াতের জরুরি সম্মেলন অনুষ্ঠিত

জেলা ও মহানগরী আমিরদের নিয়ে জামায়াতের জরুরি সম্মেলন অনুষ্ঠিত

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৯:১২
  • ১৩

---

ইবি রিপোর্ট  

রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে নয়, জামায়াত জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করা প্রয়োজন। অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলনটি শেষ হয় বিকেল ১টায়।

এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার করা না হলে আওয়ামী লীগ দলীয় পরিচয়ে ফিরে না এলেও একই রাজনৈতিক চরিত্রের অন্য কোনো দল ক্ষমতায় আসার সুযোগ পাবে। এতে ফ্যাসিবাদী শাসনের পথ আবারও তৈরি হতে পারে। এমন পরিস্থিতি ঠেকাতে হবে। এ লক্ষ্যেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াত।

তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল। বর্তমানে পলাতক ফ্যাসিস্টরা দেশে জ্বালাও-পোড়াও শুরু করেছে। এ পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেন তিনি। তার বক্তব্য, দেশের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেই দায়িত্ব পালন করতে পারছে না। বরং কিছু ক্ষেত্রে উসকানি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এমন কর্মকাণ্ড চলছে, তা জানতে চায় জাতি।

জামায়াতের এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নিলে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। ইতোমধ্যে অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সরকারকে সন্ত্রাসীদের কঠোরভাবে দমনের আহ্বান জানান। জনগণের ক্ষতি এড়াতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত মাঠে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি জনগণের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ টেনে এটিএম আজহারুল ইসলাম বলেন, ওই নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে গণপরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি শুধু একটি শপথ নিয়েছে, গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তার অভিযোগ, এর মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ রয়েছে। বিএনপির প্রতি এ শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং চব্বিশের চেতনা হবে জাতীয় ঐক্যের ভিত্তি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে জামায়াত সরে আসবে না বলেও জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করবে জামায়াত। সরকারের নেওয়া পদক্ষেপের ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। এর মাধ্যমেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির।

সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় বক্তব্য দেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি এবং মোহাম্মদ সেলিম উদ্দিন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23695 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 01:39:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh