![]()
ইবি রিপোর্ট
দিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে পা টিপে দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৫৫ বছর বয়সী মামা তাজেল তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালদাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তাজেল তালুকদার ওই গ্রামের মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার প্রয়োজনে প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অন্যদিকে শিশুটির বাবা ও দাদা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। এ পরিস্থিতিতে দুই মেয়েকে মামা তাজেল তালুকদারের কাছে রেখে যান তাঁদের মা-বাবা। এরপর থেকে দুই শিশু মামার বাড়িতে পাশাপাশি দুটি আলাদা কক্ষে থাকত।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে আট বছর বয়সী শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন তাজেল। সেখানে একপর্যায়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, রোববার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাটি সম্পর্কে জানতে পারে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত তাজেল তালুকদারকে আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে তাজেল তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বলে জানান ওসি। মামলার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার দুপুরে অভিযুক্তকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।