• হোম > অর্থনীতি | বাণিজ্য | ব্যাংক > খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে সময় বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে সময় বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৯:০৩
  • ১৬

---

ইবি রিপোর্ট

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা। এই ঋণ আদায় করে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনতে বিশেষ ছাড়নীতি, কঠোর তদারকি ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন করে খেলাপি ঋণ তৈরি হওয়া ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ এই হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

খেলাপি ঋণ আদায়ে গত ২০ নভেম্বর সব তফসিলি ব্যাংককে বিশেষ নিষ্ক্রমণ নীতি কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ জুন চালু হওয়া এই নীতিতে নির্দিষ্ট শর্ত পূরণকারী ঋণগ্রহীতারা এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যেতে পারে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত ঋণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতফসিল করা কিছু ঋণ এই সুবিধার আওতায় রয়েছে। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর ওপর নজরদারি জোরদার করা হচ্ছে।

যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংককে ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির ঋণ আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে।

নতুন খেলাপি ঋণ ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা শক্তিশালী করা হচ্ছে। ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএফআরএস-৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।

এ ছাড়া ঋণ আদায়ে নিয়োজিত কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের সুবিধা পর্যালোচনা এবং ব্যাংকের বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

আইনি প্রক্রিয়া দ্রুত করতে প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬ এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্বল সুশাসন ও ঋণের অতিরিক্ত কেন্দ্রীভবন রয়েছে, এমন ব্যাংকের সম্পদের মানও বিশেষভাবে পর্যালোচনা করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23688 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 01:27:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh