![]()
ইবি রিপোর্ট
দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের উদ্যোগ বাস্তবায়নে ওয়ালটন গ্রুপের প্রকল্প মনিটরিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ প্রদান এবং দিকনির্দেশনার কাজ করবেন।
ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলমের দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়নে নেওয়া উদ্যোগটি এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার অনুষ্ঠিত ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় এ নিয়োগের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক যানবাহন প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। প্রকল্পের কার্যক্রম পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি। পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবেন।
ব্যবসায় নতুন খাতে সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির লক্ষ্য, প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা এবং পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা। এ লক্ষ্য সামনে রেখে রিফা তাছনিয়াকে মনিটরিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন।
দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন ওয়ালটনের পরিচালক মাহবুব আলম। তবে ২০২১ সালে তার মৃত্যু হয়। তার নেওয়া উদ্যোগটি এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিকতায় এখন প্রকল্পটির তদারকির দায়িত্ব পালন করবেন রিফা তাছনিয়া।
ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিফা তাছনিয়া বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। তিনি পোশাক ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফা’র প্রতিষ্ঠাতা। পাশাপাশি রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁ কাভারেরও অন্যতম প্রতিষ্ঠাতা তিনি।
ওয়ালটন কর্তৃপক্ষ আশা করছে, রিফা তাছনিয়ার তদারকি ও পরামর্শে বৈদ্যুতিক যানবাহন উৎপাদন প্রকল্পের কাজ আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির নতুন ব্যবসায়িক খাতে সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে গতি আসবে।