![]()
ইবি রিপোর্ট
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা এবং পরিপালন কার্যক্রম জোরদারের লক্ষ্যে বার্ষিক সম্মেলন আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন ২০২৬’-এ প্রায় ১৩০ জন কর্মকর্তা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরও ৩০০ কর্মকর্তা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম ও শাহালাম কাজী।
এ ছাড়া সম্মেলনে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন আহমাদ।
সম্মেলনে ব্যাংকের শাখা পর্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকের পরিপালন কার্যক্রমে সমন্বয় তৈরির উদ্দেশ্যে আয়োজন করা হয় এই সম্মেলন।