• হোম > অর্থনীতি > সয়াবিন আমদানিতে নতুন বিধিনিষেধ আনছে ইন্দোনেশিয়া, কার্যকর ১ জানুয়ারি

সয়াবিন আমদানিতে নতুন বিধিনিষেধ আনছে ইন্দোনেশিয়া, কার্যকর ১ জানুয়ারি

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
  • ১৪

---

ইবি রিপোর্ট

সয়াবিন আমদানির ওপর নজরদারি বাড়াতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী ১ জানুয়ারি থেকে আমদানির ক্ষেত্রে অনুমতিপত্র গ্রহণ এবং বাধ্যতামূলক পরিদর্শন চালু করতে যাচ্ছে দেশটি। বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমানো, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি সীমিত নির্ভরতায় রাখা এবং স্থানীয় কৃষকদের উৎপাদনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শুক্রবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান খাদ্যবিষয়ক উপসমন্বয়মন্ত্রী হানিফ ফয়সাল নুরোফিক। তিনি বলেন, সয়াবিন খাদ্য ও কৌশলগত পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় এর আমদানি ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

হানিফের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামের ওঠানামা, একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং মার্কিন ডলারের বিপরীতে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহর বিনিময় হারের পরিবর্তন আমদানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এসব ঝুঁকি মোকাবিলা এবং সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনতে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ইন্দোনেশিয়া ১১৯ কোটি ডলারের সয়াবিন আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেই এসেছে ১০৩ কোটি ডলারের পণ্য। ওই বছর মোট আমদানির পরিমাণ ছিল ২৫ লাখ ৬০ হাজার টন। দেশটিতে বছরে সয়াবিনের চাহিদা প্রায় ২৭ লাখ টন হলেও স্থানীয় উৎপাদন দিয়ে তা পূরণ করা সম্ভব হচ্ছে না।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বছরে গড়ে ২ লাখ ৭০ হাজার টন সয়াবিন উৎপাদিত হয়েছে। আমদানির ওপর নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৯ সালের মধ্যে বার্ষিক উৎপাদন ৪ লাখ ১৬ হাজার টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

হানিফ জানান, নতুন আমদানি ব্যবস্থায় একটি মাত্র প্রবেশপথ নির্ধারণ করা হচ্ছে না। বরং স্থানীয় কৃষকদের উৎপাদিত সয়াবিনের বাজার নিশ্চিত করার মাধ্যমে ২০২৯ সালের মধ্যে এ পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে নতুন বিধিনিষেধ কার্যকর হলে আমদানির প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে এবং ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়ার টেম্পে ও টোফু উৎপাদকদের সমবায় সংগঠনের মহাসচিব উইবোভো নুরচাহিয়ো এ উদ্বেগ জানিয়েছেন। বাধ্যতামূলক পরিদর্শনের কারণে আমদানিতে বিলম্ব ও খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি।

সূত্র: বণিক বার্তা, রয়টার্স।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23669 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 01:09:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh