![]()
ইবি রিপোর্ট
আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য এবং যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিরতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
গার্মেন্টস খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এরপর ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এমন প্রতিকূলতার মধ্যেও নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিকে অগ্রাধিকার দিচ্ছে।
মজুরি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচ বছর অন্তর পোশাক খাতে মজুরি বাড়ানো হয়েছিল। এবার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেওয়ার মাত্র তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম।
বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের অংশগ্রহণে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
তৈরি পোশাক শিল্পকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের পরিশ্রমে ‘মেড ইন বাংলাদেশ’ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। দেশে আরও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, কর্মসংস্থান বাড়ানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ্য। শ্রমিকদের ভাগ্য বদলালে দেশেরও পরিবর্তন ঘটবে। সরকার এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা সমতাভিত্তিক সমাজ গঠনের মূল লক্ষ্য। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকার, মালিকপক্ষ ও সমাজের সম্মিলিত দায়িত্ব। নারী শ্রমিকদের নিরাপত্তাও সরকারের অগ্রাধিকারে রয়েছে।
তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে শ্রমনীতি বাস্তবায়ন, প্রশিক্ষণ, সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। আইন প্রণয়নের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।