![]()
ইবি রিপোর্ট
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে প্রচারিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে সিটি ব্যাংক। ব্যাংকটির বক্তব্য, ঋণ আদায়ের আইনসম্মত প্রক্রিয়াকে প্রকৃত তথ্য ছাড়াই ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সম্পত্তিটি নির্ধারিত মূল্যায়নের তুলনায় বেশি দামে বিক্রি হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছে ব্যাংকটি। তাদের দাবি, প্রকাশিত প্রতিবেদনে ঋণ আদায়ের প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা হয়নি।
সিটি ব্যাংকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলো ২০১৬ সাল থেকে ব্যাংকটির ঋণসুবিধা গ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের ঋণের সম্মিলিত পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণ অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। এরপরও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে ঋণ আবার খেলাপি হলে একাধিক আইনি নোটিশ পাঠানো এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। গ্রাহক ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি বলে জানিয়েছে ব্যাংক।
পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়। ব্যাংকটির দাবি, বিক্রয়মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি হওয়ায় কম দামে সম্পত্তি বিক্রির অভিযোগ গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের প্রসঙ্গও তুলে ধরা হয়। ব্যাংকটির বক্তব্য, তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের নিয়মতান্ত্রিক ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে প্রচার করা নিন্দনীয়। এমন সংবাদ তার ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া বিদেশি ব্যাংকের আমন্ত্রণে আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে উমরাহ পালনের উদ্দেশ্যে তার পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানিয়েছে সিটি ব্যাংক।
ব্যাংকটি জানিয়েছে, যেকোনো আইনসম্মত অনুসন্ধানে তারা সহযোগিতা করবে। তবে তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অনুসন্ধান শুরু হওয়া এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই করে বিভ্রান্তিকর সংবাদ সংশোধন ও দায়িত্বশীল সাংবাদিকতা অনুসরণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।