![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার কমিয়ে আনতে বহুমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামানোর লক্ষ্য নিয়ে ঋণ আদায় জোরদার, বিশেষ নিষ্পত্তি সুবিধা কার্যকর এবং ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি ঋণঝুঁকি নিয়ন্ত্রণ ও আইনি সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করে ঋণ আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ২৯ জুন চালু হওয়া এ নীতিমালায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফেরও সুযোগ রয়েছে। এ সুবিধার আওতায় ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ অন্তর্ভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও রয়েছে। তবে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এ জন্য ঋণ আদায় বাড়ানোর পাশাপাশি ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করার বিষয়টি রয়েছে। এসব ব্যাংককে ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতিও পর্যালোচনা করা হচ্ছে।
নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস-৯ অনুযায়ী এক্সপেকটেড ক্রেডিট লস কাঠামো চালুর প্রস্তুতিও চলছে। এতে ঋণের সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন এবং সে অনুযায়ী সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে।
এ ছাড়া ঋণ আদায়ে নিয়োজিত কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের সুবিধা পর্যালোচনা এবং ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। খেলাপি ঋণসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ পরিশোধে সক্ষম ব্যবসাপ্রতিষ্ঠানকে পুনর্গঠন বা পুনঃতফসিলের সুযোগ দেওয়া উচিত। তবে যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।
ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার ও সম্পদের মান নিয়ে উদ্বেগের মধ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাগুলোর কার্যকর বাস্তবায়ন হলে আটকে থাকা অর্থ আদায় এবং ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।