• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাতক্ষীরায় ৫ হাজার ৫৬৭ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৮:২০
  • ৮

---

ইবি রিপোর্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার কৃষিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা আমন ধান থেকে শুরু করে সরিষা ও বিভিন্ন ধরনের শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জেলার মোট ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। এতে উৎপাদন খরচ তুলে আনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জমির মধ্যে ২ হাজার ২৭১ হেক্টরে রয়েছে আমন ধান এবং ২ হাজার ৭২৯ হেক্টরে সরিষা। এ ছাড়া ৫২১ হেক্টর শাকসবজি, ১৫ হেক্টর আলু, ৭ হেক্টর খেসারি, ৪ হেক্টর মরিচ, ১৬ হেক্টর পেঁয়াজ এবং ৪ হেক্টর রসুনের জমি পানিতে আক্রান্ত হয়েছে।

কৃষকদের ভাষ্য, টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান পানির নিচে চলে গেছে। তিন দিন পর রোববার (২২ নভেম্বর) সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি থামার পর এখন ভেজা ধান শুকিয়ে রক্ষা করার চেষ্টা করছেন তারা। তবে দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এরই মধ্যে জমিতে থাকা বিচালি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

ফসলের ক্ষতির পাশাপাশি ধানের বাজারদর নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। বর্তমানে প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৪০ টাকায়। উৎপাদন খরচের তুলনায় দাম কম থাকায় ফসল ঘরে তুলতে পারলেও লাভ তো দূরের কথা, খরচের টাকা উঠবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার কৃষক আব্দুল ওহাব জানান, চার বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টির পানি জমে পুরো ক্ষেত তলিয়ে যাওয়ায় সরিষার ফসল নষ্ট হয়ে গেছে। তার মতো জেলার অনেক কৃষকই বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল রক্ষায় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। জমিতে কেটে রাখা ধান দ্রুত পানি থেকে তুলে শুকনো জায়গায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরিষার জমিতে জমে থাকা পানি দ্রুত বের করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি কর্মকর্তাদের মতে, জমি থেকে পানি নেমে যাওয়ার পর ছত্রাকনাশক প্রয়োগ করলে সরিষার ফসলের ক্ষতি কিছুটা কমানো সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. জামালউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় আকভান সরাসরি সাতক্ষীরার উপকূলে আঘাত করেনি। তবে এর প্রভাবে কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং আকাশে রোদ দেখা যাবে। এতে মাঠে থাকা ধান শুকিয়ে ঘরে তোলার সুযোগ পাবেন কৃষকরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23652 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:49:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh