• হোম > অর্থনীতি | জাতীয় > শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের ওপর চাপানো ঠিক নয়: সিপিডি

শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের ওপর চাপানো ঠিক নয়: সিপিডি

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৯
  • ১৩

---

ইবি রিপোর্ট 

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের ওপর চাপানো উচিত নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, এসব সমস্যার সমাধান আলাদাভাবে করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরিকাঠামো নির্ধারণ জরুরি।

রোববার (২২ নভেম্বর) তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের স্বাক্ষর করা পাঁচ পৃষ্ঠার চিঠিতে গত ১৮ নভেম্বরের মিডিয়া ব্রিফিং নিয়ে বিজিএমইএর উত্থাপিত বিভিন্ন আপত্তি ও পর্যবেক্ষণের জবাব দেওয়া হয়।

চিঠিতে সিপিডি জানায়, মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকদের প্রয়োজনের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় থাকা দরকার। তবে জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ কিংবা দুর্নীতির মতো শাসনসংক্রান্ত দুর্বলতার প্রভাব শ্রমিকদের কম মজুরি দিয়ে সামাল দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এসব সমস্যার জন্য পৃথক সমাধান খুঁজতে হবে।

মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান থাকলেও শ্রমিক অসন্তোষের নামে ভাঙচুর, সহিংসতা বা অস্থিতিশীলতাকে সমর্থন করে না সিপিডি। সংস্থাটির মতে, এ ধরনের পরিস্থিতিতে শ্রমিক ও কারখানা—উভয় পক্ষই ক্ষতির মুখে পড়ে, যার প্রভাব পড়ে দেশের ওপরও। তাই শ্রমিক এবং কারখানা—দুই পক্ষের বাস্তব অবস্থা বুঝতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরের নমুনাভিত্তিক জরিপ পরিচালনার প্রয়োজন রয়েছে।

ন্যূনতম মজুরি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখ করা বিষয়গুলো অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি এবং ব্যবসার সক্ষমতাকে বিবেচনায় রাখার কথা বলা হয়েছে।

শিল্পের আর্থিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের শুল্কচাপ নিয়ে বিজিএমইএর আপত্তির বিষয়ে সিপিডি বলেছে, তাদের আগের উপস্থাপনাতেই উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও শুল্কের প্রভাব তুলে ধরা হয়েছিল। এ কারণে কোনো একটি নির্দিষ্ট অঙ্ককে চূড়ান্ত মজুরি হিসেবে প্রস্তাব না করে একটি সম্ভাব্য পরিসর দেখানো হয়েছে। এই পরিসরের নিম্নসীমা শ্রমিকের মৌলিক চাহিদা এবং উচ্চসীমা মালিকপক্ষের মজুরি দেওয়ার সামর্থ্য নির্দেশ করে। তবে কারখানার ব্যয়, পণ্যের বিক্রয়মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য না থাকায় প্রকৃত সক্ষমতা নিরূপণে সীমাবদ্ধতা রয়েছে।

পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারীর হিসাব নিয়েও ব্যাখ্যা দিয়েছে সিপিডি। সংস্থাটি জানিয়েছে, তাদের বিশ্লেষণে একটি পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যবর্তী মান বিবেচনা করেই এ হিসাব করা হয়েছে। বিজিএমইএর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘এসইডিএস ২০২৩’ জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ জন ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরির হিসাব ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হয়। দুই হিসাবের ব্যবধান মাত্র ১৮৬ টাকা।

অন্যদিকে, বিবিএসের ‘এইচআইইএস ২০২২’ জরিপ অনুসারে শহরাঞ্চলে উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ জন ধরলে মজুরির হিসাব আরও বেশি হতো বলে জানিয়েছে সিপিডি। ফলে ইচ্ছাকৃতভাবে মজুরির অঙ্ক বাড়িয়ে দেখানোর অভিযোগও নাকচ করেছে সংস্থাটি।

ঢাকা বিভাগের শহরাঞ্চলের তুলনামূলক বেশি দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে যুক্তি তুলে ধরে সিপিডি বলেছে, পোশাকশ্রমিকদের বড় অংশ গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শহর ও শহরসংলগ্ন শিল্প এলাকায় বসবাস করেন। এসব এলাকায় তাঁদের বাসাভাড়া দিতে হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে কিনতে হয়। এ কারণে মাথাপিছু ৪ হাজার ৯২২ টাকার দারিদ্র্যসীমা বিবেচনায় নেওয়াকে যুক্তিসংগত মনে করছে সংস্থাটি। গ্রামীণ দারিদ্র্যসীমা ব্যবহার করলে শহরাঞ্চলের শ্রমিকদের প্রকৃত ব্যয়ের চিত্র যথাযথভাবে উঠে আসবে না। তবে বিজিএমইএ এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য দিলে সে অনুযায়ী ভারিত গড় হিসাব করা সম্ভব বলেও জানিয়েছে সিপিডি।

খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসন খরচ অন্তর্ভুক্ত থাকার পরও আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করায় একই ব্যয় দুবার গণনা হয়েছে—বিজিএমইএর এমন আশঙ্কারও জবাব দিয়েছে সংস্থাটি। সিপিডির ব্যাখ্যা, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে বাড়িভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দেওয়া হয়েছে। এরপর পোশাক, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, চিকিৎসা ও যোগাযোগের মতো প্রয়োজনীয় খাতের ব্যয় হিসাব করা হয়েছে। ফলে আবাসন ব্যয় দুইবার যুক্ত হয়নি।

বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিপিডি। সংস্থাটি জানায়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে বার্ষিক ইনক্রিমেন্টের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করায় কর্মরত শ্রমিকদের প্রাপ্য মজুরি বেড়েছে। কিন্তু নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি অপরিবর্তিত রয়েছে।

সিপিডি মূলত নতুন যোগ দেওয়া শ্রমিকদের প্রারম্ভিক মজুরির বিষয়টিকে গুরুত্ব দিলেও দক্ষতা, দায়িত্ব ও অভিজ্ঞতার ভিত্তিতে অন্যান্য গ্রেডের জন্যও যৌক্তিক মজুরিকাঠামো থাকা প্রয়োজন বলে মনে করে। সংস্থাটির বক্তব্য, শ্রমিকের ন্যায্য মজুরি এবং শিল্পের সক্ষমতা—দুই দিক বিবেচনায় স্বচ্ছ তথ্য ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তই হতে পারে গ্রহণযোগ্য সমাধানের ভিত্তি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23650 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:39:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh