![]()
ইবি রিপোর্ট
২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন শেষে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ বিষয়ে ভর্তি কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি জানিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি গত ১৯ নভেম্বর জারি করা নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারাদেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেছে। নির্দেশনায় মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির নিয়মও উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হবে কেবল অনলাইনে। আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকদের http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এ অর্থ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে পরিশোধ করতে হবে।
আবেদনকারীরা প্রাপ্যতা অনুযায়ী একটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। তবে কোনো প্রতিষ্ঠানে ডাবল শিফট চালু থাকলে উভয় শিফট পছন্দ করার ক্ষেত্রে সেগুলো আলাদা দুটি পছন্দক্রম হিসেবে বিবেচিত হবে। একই বিদ্যালয় অথবা একই শিফট দ্বিতীয়বার পছন্দ হিসেবে দেওয়ার সুযোগ রাখা হয়নি।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পদ্ধতি হবে আলাদা। এসব শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় ভর্তি কার্যক্রমে বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানে কতটি আসন খালি রয়েছে, তা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার নির্ধারিত তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করার নির্দেশনা দিয়েছে মাউশি।
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনলাইন ডিজিটাল লটারি পদ্ধতি অনুসরণ করা হবে। পুরো ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ এবং তত্ত্বাবধানে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর জোর দিয়েছে অধিদপ্তর।
মাউশি জানিয়েছে, ভর্তি আবেদন পূরণ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd-এর সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগে পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকের ওয়েবসাইট www.teletalk.com.bd থেকেও প্রয়োজনীয় নির্দেশনা জানা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।