• হোম > রাজনীতি > ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন শেখ হাসিনা: রিজভী

ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন শেখ হাসিনা: রিজভী

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৭:৪৩
  • ১০

---

ইবি রিপোর্ট  

শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধপরায়ণতা ও রক্তপাতের রাজনীতি চালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পরও বিভিন্ন বার্তার মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ ব্যয় করে ককটেল হামলা ও অগ্নিসন্ত্রাস পরিচালনার অভিযোগও করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রিজভী। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্যে শেখ হাসিনার অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনাও ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন। তাঁকে দেখা যায় না, তবে তাঁর লোকজনের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে। তিনিও বিভিন্ন বার্তা পাঠান বলে শোনা যায়। রিজভীর অভিযোগ, এসব বার্তা হিংস্র এবং রক্তপাত ঘটানোর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ ব্যাংক, মেট্রোরেল, পদ্মা সেতু ও বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুট করা টাকা তাদের কাছে রয়েছে। এসব অর্থ ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডে লোকজনকে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, অনেকে বলছেন, একটি ককটেল বিস্ফোরণের জন্য বিকাশের মাধ্যমে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের এসব অর্থ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, তাঁর একমাত্র নেশা প্রতিশোধ ও রক্তের নেশা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সেই প্রবণতা শেষ হয়নি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

তবে এসব ঘটনার জবাবে বিএনপি কোনো হিংস্র কর্মকাণ্ডে জড়ায়নি বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে এসব কর্মকাণ্ড দমন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কঠোর মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, পার্লামেন্টে আইন করা উচিত— আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।

রিজভীর অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা বেআইনিভাবে সম্পদ অর্জন করেছেন। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, তাদের নতুন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23628 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:10:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh