• হোম > জাতীয় | বাংলাদেশ > সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক

সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৭:৩৩
  • ২২

---

ইবি রিপোর্ট  

আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা সম্প্রসারণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও সিপিএ মহাসচিব স্টিফেন টুইগের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রোববার (২২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিব স্টিফেন টুইগের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএর মধ্যে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সক্রিয় করার বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

বৈঠকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখেই বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় জাতীয় সংসদ। এ সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতা।

আলোচনায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের চর্চা সম্প্রসারণ, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাঁর অবস্থান তুলে ধরেন। তিনি সংসদীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নিয়মিত যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএর মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির প্রত্যাশাও তুলে ধরা হয়।

বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23626 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:10:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh