• হোম > কবিতা | সাহিত্য > কিছু প্রশ্ন, একটি বিষফোঁড়া

কিছু প্রশ্ন, একটি বিষফোঁড়া

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৭:২৩
  • ১৮

---

—সেহাঙ্গল বিপ্লব 

প্রশ্ন করো চোখ, প্রশ্ন করো ঘ্রাণ; প্রশ্ন করো ঠোঁট, প্রশ্ন করো কান।

প্রশ্ন করো ফুল— কোথায় যে কী ভুল?

প্রশ্ন করো দাঁত, কবজি-কাটা হাত; প্রশ্ন করো নখ—

রক্ত-খাওয়া শখ! প্রশ্ন করো ক্ষুধা, বসন্তেরই সুধা;

প্রশ্ন করো ব্যাংক কিংবা জীবন বিমা,

কেন ওষ্ঠাগত প্রাণ, পাঁজর-ভাঙা সীমা?

প্রশ্ন করো ঋণ— মানুষ কি ঢেউটিন?

প্রশ্ন করো নদী, হঠাৎ পাওয়া গদি; প্রশ্ন করো বিল,

প্রিয়ার ঠোঁটের তিল; প্রশ্ন করো মাঠ, সন্ধ্যা-নদীর ঘাট।

প্রশ্ন করো ঘড়ি— সূর্যাস্ত গেলেই কি সময় দেবে তুমি?

প্রশ্ন করে বলো, আরও কী কী জানতে চাও?

তামা-কাঁসা বাটি, বৃষ্টি-কাদা মাটি; প্রশ্ন করো জল—

কোন উপমায় ভাসছে মায়ের স্বস্তি ও সম্বল?

প্রশ্ন করো হাত, অঝোর বর্ষারাত;

প্রশ্ন করো বাড়ি, ডলারে কেনা গাড়ি;

প্রশ্ন করো মাটি, দূর দেশে কার ঘাঁটি।

প্রশ্ন করো তাকে— ঝাঁকে এবং ঝাঁকে পালিয়ে বেড়ান কেন?

প্রশ্ন করো সুখ, কার কোথায় অসুখ;

প্রশ্ন করো ঘুড়ি, কেন ক্রুদ্ধ রোদে পুড়ি?

আজ প্রশ্ন করো তুমি, প্রশ্ন করো সবে—

প্রশ্ন করে দেখো, বিজয় তোমার হবে!

প্রশ্ন করে জানো, জানার তো নেই শেষ;

প্রশ্ন করো দেশ, উৎকণ্ঠ পরিবেশ।

প্রশ্ন করো জাতি, বুকের কাঁপা ছাতি— প্রশ্ন করো!

প্রশ্ন করে জানো, মানার হলেই মানো;

প্রশ্ন করো তবু— এত আবর্জনা কেন?

প্রশ্ন করো ধুলো, আঙুল ফুলে মুলো;

প্রশ্ন করো আজ, ভঙ্গুর কারুকাজ।

প্রশ্ন করো হাতি, বুনো জন্তু-জানোয়ার—

যারাই মায়ের ঘুম ভেঙেছে, কেউ পাবে না ছাড়!

প্রশ্ন করো মন, হরিৎ শ্যামল বন— প্রশ্ন করো সবে;

প্রশ্ন করে জানো, যায় কি পালিয়ে বাঁচা?

পৃথিবী এক খাঁচা, খাঁচায় হিংস্র বাঘ—

মাথায় চড়ে বসলেও সে করে না রাগ!

প্রশ্ন করো ঘোড়া, কোথায় সে বিষফোঁড়া?

ডাক্তার-পথ্য ছাড়া দিচ্ছে কেবল তাড়া!

রোগীর পাশে নেই কেউ, কে দেবে নিরাময়?

আসে-যায় কত রোগী, শুধু রোগ নিয়ে সংশয়!


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23624 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 11:56:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh