• হোম > আইন আদালত > শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৫:৫৭
  • ২৭

---

ইবি রিপোর্ট  

১৬ বছর বা এর কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ ও আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা না করার সরকারি ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।

হাইকোর্টের আদেশে বলা হয়েছে, প্রস্তাবিত বিশেষজ্ঞ কমিটিতে সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এই কমিটি ১৬ বছর বা তার কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য কাজ করবে।

এ ছাড়া শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ বিষয়ে রিট আবেদনটি করেন। শুনানিতে তিনি নিজেই আবেদনকারীর পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

রিটের যুক্তি তুলে ধরে ফয়সাল দস্তগীর বলেন, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। ফলে তারা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। এর কারণে অনেক শিশু একাকিত্ব, বিষণ্নতাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।

আদালতে তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণা প্রতিবেদনের তথ্যও তুলে ধরেন। ওই গবেষণার বরাত দিয়ে তিনি জানান, ঢাকায় প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনে কাটায়। এই সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার তুলনায় অনেক বেশি।

গবেষণায় আরও দেখা গেছে, ডিজিটাল ডিভাইসে দীর্ঘ সময় ব্যয় করা শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে। পাশাপাশি প্রায় ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথাব্যথার শিকার হচ্ছে।

গবেষণা প্রতিবেদনে শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হওয়ার সম্ভাব্য প্রভাব সম্পর্কেও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, ঘুমের ঘাটতি শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার দক্ষতা এবং আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

রিটে উপস্থাপিত এসব যুক্তি ও তথ্যের পরিপ্রেক্ষিতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা আদালতের সামনে তুলে ধরা হয়। শুনানি শেষে হাইকোর্ট স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23604 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 11:56:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh