![]()
ইবি রিপোর্ট
দেশে হামের সংক্রমণ পরিস্থিতির মধ্যে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হাম-সংক্রান্ত রোগে প্রাণ হারিয়েছে মোট ১ হাজার ৩৫২ শিশু। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর শরীরে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী হিসেবে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চার, চট্টগ্রামের তিন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে শিশু রয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে সর্বশেষ ৯ শিশুর মৃত্যুর ঘটনা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশুর শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৬২ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। এ সময় পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ শিশুর।
সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৮৭ শিশু।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সন্দেহজনক হামজনিত শিশুমৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।