![]()
ইবি রিপোর্ট
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণে শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘ বিরতির পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে সরকার ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করেছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকটও তৈরি হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে অর্থাৎ পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতে শ্রমিকদের মজুরি বাড়ানো হতো। তবে এবার ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণের মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের ওপর আস্থা প্রকাশ করে মাহদী আমিন বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিরা দ্রুততম সময়ে একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন। এ প্রক্রিয়ায় সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
তৈরি পোশাকশিল্পকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ঘাম, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য বিশ্বজুড়ে দেশের পরিচিতি বহন করছে। সরকার দেশে আরও শিল্পকারখানা প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে আগ্রহী।
শ্রমিকদের জীবনমান উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক অগ্রগতির সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটলেই দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে। সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবার অধিকার ও স্বাধীনতা নিশ্চিত থাকবে। এ লক্ষ্য অর্জনে দেশের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষা একটি ন্যায্য, সমতাভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার পরিকল্পনার কেন্দ্রীয় অংশ। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রতিটি শ্রমিকের মৌলিক অধিকার। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের সম্মিলিত।
তিনি আরও বলেন, সরকারের কাজ শুধু কর্মসংস্থান বাড়ানো নয়; শ্রমিকরা যাতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার, মালিক ও শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা এবং গঠনমূলক অংশগ্রহণের বিকল্প নেই।
দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, গত কয়েক দশকে তৈরি পোশাক, উৎপাদন শিল্প, নির্মাণ ও সেবা খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব খাত লাখ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি করার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। এই উন্নয়নের সঙ্গে শ্রমিকদের অবদানকে যথাযথভাবে যুক্ত রাখার ওপর জোর দেন তিনি।
আইন ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি সেগুলোর মাঠপর্যায়ে কার্যকর ও টেকসই বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও বলেন মাহদী আমিন। একই সঙ্গে দেশের শ্রমশক্তির প্রায় অর্ধেক নারী হওয়ায় কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তাকে সরকারের কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, আনোয়ার হোসেন এবং আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খানসহ অন্যরা।