![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ভারত সফরে পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিকের তাজমহলসহ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ তৈরি হলেও দিল্লির নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি মেলেনি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত সরকার তাকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেয়নি। ফলে সফরে তার পছন্দের কয়েকটি দর্শনীয় স্থান দেখার সুযোগ থাকলেও দরগাহ পরিদর্শনের পরিকল্পনা বাদ পড়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই মন্ত্রীর পরিদর্শনসংক্রান্ত অনুমতির বিষয়টি জানায়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতা সংলাপ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুসাদ্দিক মালিক।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী আগ্রার তাজমহল ছাড়াও দিল্লির কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এর মধ্যে রয়েছে মোগল সম্রাট হুমায়ুনের সমাধি এবং দক্ষিণ দিল্লির দিল্লি হাট। এসব স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি তাকে।
দরগাহে প্রবেশের অনুমতি না দেওয়ার পেছনে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছে ভারত সরকার। তবে এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ। সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নিজামুদ্দিন এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং সেখানে মানুষের চলাচল বেশি। এ অবস্থায় নিরাপত্তার ঝুঁকি এড়ানোর জন্য পাকিস্তানি মন্ত্রীকে ওই স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ভারত সফরের আগে নিজামুদ্দিন দরগাহ ও তাজমহল পরিদর্শনের আগ্রহের কথা জানিয়েছিলেন মুসাদ্দিক মালিক। কিন্তু এসসিও সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে তাকে অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। শেষ পর্যন্ত তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শনের অনুমতি পেলেও দরগাহে যাওয়ার অনুমতি পাননি তিনি।
২০২৫ সালের মে মাসে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি স্থাপনায় সামরিক অভিযান পরিচালনা করে। ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত ওই অভিযানের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে ভারত সফরে গেলেন মুসাদ্দিক মালিক।
এর আগে ২০২৩ সালে এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বহুপক্ষীয় সংগঠনের আয়োজনে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণে ভারতের আপত্তি না থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ ও আলোচনা এখনো বন্ধ রয়েছে।
সূত্র: ইত্তেফাক