![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
শহরের রাতের আকাশে খালি চোখে যত তারা দেখা যায়, দৃশ্যমান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রাতের আকাশের স্বাভাবিক দৃশ্য বদলে যাওয়ার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান গবেষণায়ও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অ্যাকিউ কম্পোনেন্টস’-এর এক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। অক্টোবরের সাত রাতের তথ্য পর্যালোচনা করে গবেষণাটি পরিচালনা করা হয়। এ সময় পৃথিবী থেকে ২ হাজার কিলোমিটার বা তার কম উচ্চতায় অবস্থান করা ১৫ হাজারের বেশি সক্রিয় উপগ্রহের গতিপথ পর্যবেক্ষণ করা হয়েছে।
গবেষণার তথ্যমতে, রাতের যেকোনো সময়ে যুক্তরাজ্যের আকাশে একসঙ্গে ৭০০টির বেশি স্যাটেলাইট চলাচল করে। মাঝারি মাত্রার আলোকদূষণ রয়েছে—এমন এলাকায় খালি চোখে দৃশ্যমান তারার সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে এসব উপগ্রহ।
অ্যাকিউ কম্পোনেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত বছরে যুক্তরাজ্যের রাতের আকাশে যে পরিবর্তন এসেছে, তা বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। মহাকাশে বড় বড় মেগা-কনস্টেলেশন বা স্যাটেলাইটের ঝাঁক পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকায় প্রতি রাতে যুক্তরাজ্যের আকাশ অতিক্রম করা উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, একটি সাধারণ শহরের ওপর দিয়ে এক রাতেই প্রায় ১৩ হাজার পৃথক স্যাটেলাইট অতিক্রম করে। সাম্প্রতিক বছরগুলোতে উপগ্রহভিত্তিক নেটওয়ার্কের দ্রুত সম্প্রসারণের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ ইন্টারনেট নেটওয়ার্ক। প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা সক্রিয় স্যাটেলাইটের দুই-তৃতীয়াংশের বেশি বর্তমানে এ নেটওয়ার্কের আওতায় রয়েছে।
বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এক দশক আগেও এ সংখ্যা ছিল এক হাজারের কিছু বেশি। শুধু গত বছরই রেকর্ড ৪ হাজার ৫১০টি বস্তু মহাকাশে পাঠানো হয়েছে। এদিকে মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে আরও ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছে স্পেসএক্স। ফলে চলতি বছর মহাকাশে বস্তু পাঠানোর নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরাও। তাঁদের আশঙ্কা, কৃত্রিম উপগ্রহের প্রতিফলিত আলো মহাকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করছে। ভূপৃষ্ঠে স্থাপিত শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ছবি তোলার সময় স্যাটেলাইটের আলোর রেখা ছবিতে দেখা যায়। এতে দূরবর্তী তারা, গ্যালাক্সি ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ছবি অস্পষ্ট হয়ে পড়তে পারে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক গাসপার বাকোস এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহের উপস্থিতি আলোকদূষণের নতুন একটি ধরন তৈরি করেছে। বিশেষ করে নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো বেশ উজ্জ্বল হতে পারে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাতের আকাশ, তারামণ্ডলী এবং মিল্কিওয়ে দেখার সুযোগও সীমিত হয়ে আসতে পারে।
এ বিষয়ে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির (ইএসও) পৃথক এক গবেষণাতেও উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির গবেষকদের মতে, স্যাটেলাইটের মেগা-কনস্টেলেশন জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মহাকাশবিজ্ঞান ও গবেষণার পরিবেশ সুরক্ষায় পৃথিবীর কক্ষপথে সক্রিয় উপগ্রহের সংখ্যা সর্বোচ্চ এক লাখের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছেন তাঁরা।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট