![]()
ইবি রিপোর্ট
যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কিনে বাংলাদেশে সরবরাহের নতুন উদ্যোগে আমদানি প্রক্রিয়ায় সময় ও ব্যয় কমছে। প্রচলিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে তুলা আনতে যেখানে গড়ে ৮০ দিন লাগে, সেখানে নতুন পদ্ধতিতে মাত্র ১০ দিনের মধ্যে কারখানায় তুলা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে কাঁচামাল সংগ্রহের খরচ কমার পাশাপাশি মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতেও সময় সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তির আওতায় শুল্কছাড় সুবিধা কাজে লাগানোর সম্ভাবনাও বাড়ছে।
‘আমারিবাংলা করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা কিনে বাংলাদেশের বস্ত্র ও পোশাক উৎপাদক এবং রপ্তানিকারকদের কাছে সরবরাহ করছে। এ উদ্যোগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের কাছে এ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন আমারিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শুল্কছাড় এবং অন্যান্য দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে সময় ও ব্যয় সাশ্রয়ের সুযোগ থাকায় দেশের টেক্সটাইল মিল ও তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ পদ্ধতি নিয়ে আগ্রহ বাড়ছে।
ইতোমধ্যে এ প্রক্রিয়ায় ৮০ টন তুলা আমদানি করা হয়েছে। আরও ৪৩২ টন তুলা আনার কার্যক্রম চলছে। আগামী দুই বছরের মধ্যে আমদানির পরিমাণ ৩২ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই পরিমাণ তুলা দেশের মোট চাহিদার এক-তৃতীয়াংশের সমান।
আসওয়ার রহমান জানান, প্রচলিত পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির ক্ষেত্রে সাত স্তরের মধ্যস্বত্বভোগী যুক্ত থাকেন। এতে আমদানি ব্যয় বেড়ে যায়। কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহ করে সরবরাহের মাধ্যমে এ মধ্যস্বত্বভোগী নির্ভরতা কমানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
২০২৪ সালের নভেম্বরে এ ব্যবস্থায় প্রথম তুলার চালান বাংলাদেশে আসে। বর্তমানে দেশের বড় স্পিনিং মিল এনভয় টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইলসহ চারটি টেক্সটাইল মিলে তুলা সরবরাহ করা হচ্ছে। প্রচলিত ব্যবস্থার তুলনায় এসব প্রতিষ্ঠান প্রতি পাউন্ড তুলায় প্রায় ৫ থেকে ৬ সেন্ট কম খরচে কাঁচামাল পাচ্ছে। একই সঙ্গে আমদানির সময় গড়ে ৮০ দিন থেকে কমে ১০ দিনে নেমে এসেছে।
তবে চাহিদা বাড়লেও সরবরাহের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আসওয়ার রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে কৃষকদের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং একসঙ্গে বেশি পরিমাণ তুলা সংগ্রহ ও জাহাজীকরণের পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরে সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়িয়ে লজিস্টিকস ব্যয় কমানোর মাধ্যমে আরও সাশ্রয়ী দামে তুলা সরবরাহ করতে চান তারা।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনটেইনার হোল্ডিং ডিপো স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আনোয়ারা ফ্রি ট্রেড জোনে নিজস্ব ওয়্যারহাউস নির্মাণের উদ্যোগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি থেকে অর্থায়ন নেওয়ার চেষ্টা চলছে।
তুলার উৎস নিশ্চিত করতে ‘অল আমেরিকান কটন’ নামে একটি সার্টিফিকেশন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক পরীক্ষাগারে আইসোটোপিক পরীক্ষার মাধ্যমে তুলার প্রকৃত উৎস শনাক্ত করা হবে। এ ছাড়া বাংলাদেশে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সোর্সিং অংশীদারিত্ব গড়ে তোলার কাজ চলছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার দুটি এবং ভার্জিনিয়ার একটি প্রতিষ্ঠান রয়েছে। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে পোশাক ও অন্যান্য পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে চায় আমারিবাংলা।
অনুষ্ঠানে আসওয়ার রহমান তুলা আমদানিতে কৌশলগত মজুত গড়ে তোলার প্রস্তাব দেন। তাঁর মতে, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক হলেও দেশে সমন্বিত কোনো কৌশলগত মজুত নেই। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে একযোগে তুলা কিনে সংরক্ষণ করা গেলে স্পিনিং মিলগুলো কম দামে কাঁচামাল পাবে। পাশাপাশি সরবরাহের অনিশ্চয়তাও কমবে।
অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক কুতুব উদ্দিন মার্কিন উন্নত জাতের তুলাবীজ বাংলাদেশে সরবরাহ এবং কৃষকদের চাষাবাদ পদ্ধতি শেখাতে আমারিবাংলার সহযোগিতা চান। দেশে তুলা চাষ সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।