![]()
ইবি রিপোর্ট
দেশের দুটি প্রধান মসলা বাজার সাতক্ষীরা ও দিনাজপুরের হিলিতে জিরার দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে সাতক্ষীরায় প্রতি কেজি জিরার দাম বেড়েছে ২০০ টাকা। অন্যদিকে হিলিতে মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ১২০ টাকা। আমদানি কমে যাওয়া, ডলারের বিনিময় হার বৃদ্ধি, ভারতের বাজারে মূল্যবৃদ্ধি এবং বাড়তি করের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বন্দর দিয়ে ২১৫ টন জিরা আমদানি হয়েছে। এসব জিরার আমদানি মূল্য ৯ কোটি ৪৬ লাখ টাকা। অথচ ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ৩১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ৭২২ টন জিরা আমদানি হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৫০৭ টন।
ভোমরা স্থলবন্দরের মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ভারতে জিরার দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। এ কারণে তার প্রতিষ্ঠানের জিরা আমদানির পরিমাণ আগের তুলনায় দ্বিগুণের বেশি কমেছে।
আমদানির পরিমাণ কমে যাওয়ার প্রভাব পড়েছে সাতক্ষীরার খুচরা ও পাইকারি বাজারে। গত এক মাসে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ২০০ টাকা। সুলতানপুর বড় বাজারের মেসার্স ফতেমা স্টোরে এক মাস আগে ভারতীয় জিরা কেজিপ্রতি ৪৮০ টাকায় বিক্রি হতো। গতকাল একই জিরা বিক্রি হয়েছে ৬৮০ টাকায়। পাইকারি বাজারেও কেজিপ্রতি দাম ৪৬০ টাকা থেকে বেড়ে ৬৬০ টাকায় পৌঁছেছে। তবে তুরস্ক থেকে আমদানি করা জিরা প্রতি কেজি ৭৪০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন দোকানটির পরিচালক।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহও জিরার দাম বৃদ্ধির পেছনে আমদানি ব্যয় ও ডলারের মূল্যবৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে দিনাজপুরের হিলি বাজারেও একই চিত্র দেখা গেছে। সেখানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ১২০ টাকা। আগে যে জিরা ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ৬২০ থেকে ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, মসলার দোকানগুলোয় জিরার সরবরাহ ভালো রয়েছে। তবে সরবরাহের ঘাটতি ও আমদানি ব্যয়ের কারণে বাজারে দাম ঊর্ধ্বমুখী।
স্থানীয় মসলা বিক্রেতা আব্দুল আউয়াল জানান, নভেম্বরের শুরুতে প্রতি কেজি জিরা ৪৬০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে দাম অনেকটা বেড়ে গেছে। ডলারের বিনিময় হার ১২৮ থেকে ১২৯ টাকা, ভারতের বাজারে মূল্য ও কর বৃদ্ধি এবং অফ সিজনের কারণে আমদানি ব্যয় বেড়েছে। এর প্রভাবে জিরার দাম বাড়ার পাশাপাশি বেচাকেনাতেও কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।
এদিকে বাজারে জিরাসহ মসলার মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চালানোর কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দিনাজপুরে সংস্থাটির সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, বাজারে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি পণ্য কেনাবেচার পাকা রসিদ যাচাই করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাকে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।