• হোম > জাতীয় | বাংলাদেশ > থাইল্যান্ডে চিকিৎসা ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইল বাংলাদেশ

থাইল্যান্ডে চিকিৎসা ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইল বাংলাদেশ

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৪:৫৩
  • ১০

---

ইবি রিপোর্ট

চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে নিয়মিত যাতায়াত করতে হয়—এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কার্যালয়ে থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি রোগীদের চিকিৎসা ভিসার সুবিধা নিয়ে কথা বলেন দুই পক্ষ।

সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই অংশীদারত্বকে আরও উচ্চতায় নিতে আগামী বছর একটি উচ্চপর্যায়ের সফর আয়োজন করা প্রয়োজন।

বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রস্তাবকে স্বাগত জানান রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসা ভিসার আবেদনকারীদের প্রতি থাইল্যান্ডের উদার সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, এমন অনেক রোগী রয়েছেন, যাদের নিয়মিত বা একাধিকবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে হয়। এসব রোগীর যাতায়াত সহজ করতে মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার ব্যবস্থা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে থাই রাষ্ট্রদূত প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের এ ধরনের ভিসা ইস্যুর আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পাওয়ার জন্য বাংলাদেশের আবেদনে থাইল্যান্ডের সমর্থনের বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষায় থাই সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বর ২০২৬ তারিখের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গও তুলে ধরেন হুমায়ুন কবির। বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ক্ষেত্রে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।

আলোচনায় উত্থাপিত বিষয়গুলোতে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23575 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 09:19:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh