• হোম > কক্সবাজার | দেশজুড়ে > টেকনাফে সমুদ্রপথে পাচারের আগে নারী-শিশুসহ উদ্ধার আট রোহিঙ্গা

টেকনাফে সমুদ্রপথে পাচারের আগে নারী-শিশুসহ উদ্ধার আট রোহিঙ্গা

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৪:৪২
  • ১০

---

ইবি রিপোর্ট

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশু রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানায়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। গোয়েন্দা তথ্যে জানা যায়, ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যান। একই সঙ্গে কয়েকজন ভুক্তভোগীও ঘটনাস্থল থেকে সরে যান। পরে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে পাঁচ নারী, দুই পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আটজনই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁদের মধ্যে ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা রয়েছেন। উদ্ধার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন।

ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়েছিল। একই সময়ে মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাম্প্রতিক এই অভিযানে আরও আট রোহিঙ্গাকে উদ্ধারের পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া মানবপাচারকারী চক্রের সদস্যদের বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23568 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 09:05:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh