![]()
ইবি রিপোর্ট
বিশ্ববাজারে চালের উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যবধান বাড়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক শস্য কাউন্সিল (আইজিসি)। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বে চাল উৎপাদন কমতে পারে। গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো উৎপাদনে এমন পতনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রধান চাল রফতানিকারক দেশগুলোর উৎপাদন হ্রাস এর অন্যতম কারণ। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য চাহিদা বাড়ার কারণে বিশ্বজুড়ে চালের ব্যবহার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়ার্ল্ড গ্রেইনের।
আইজিসির সর্বশেষ শস্যবাজার প্রতিবেদনে বলা হয়েছে, সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য চাহিদা বাড়বে। এর প্রভাব পড়বে চালের ব্যবহারেও। ফলে উৎপাদন কমার পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে চালের মজুদ হ্রাস পেতে পারে। তবে মজুদের পরিমাণ সাম্প্রতিক কয়েক বছরের গড়ের তুলনায় বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে আন্তর্জাতিক চাল বাণিজ্যেও প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। আইজিসির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর বিশ্ববাজারে চালের বাণিজ্যের পরিমাণ রেকর্ড ৬ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। আগের বছরের তুলনায় এ পরিমাণ ৪ শতাংশ বেশি। আফ্রিকার দেশগুলোর আমদানি চাহিদা বৃদ্ধিই আন্তর্জাতিক বাজারে চালের বাণিজ্য সম্প্রসারণের প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ২০২৬-২৭ বিপণন বছরে গম ও মোটা দানাদার শস্যের উৎপাদন পূর্বাভাসেও পরিবর্তন এনেছে আইজিসি। অক্টোবরের হিসাবের তুলনায় উৎপাদনের পূর্বাভাস ১০ লাখ টন বাড়িয়ে ২৪৮ কোটি টন নির্ধারণ করা হয়েছে। গম ও যবের উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকায় ভুট্টার উৎপাদন কমার পূর্বাভাসের প্রভাব অনেকটা সমন্বিত হয়েছে।
তবে উৎপাদন বাড়ানোর নতুন হিসাব করা হলেও তা আগের বিপণন বছরের রেকর্ড উৎপাদনের তুলনায় ৩ শতাংশ কম থাকবে। বিশ্ববাজারে এসব শস্যের মোট চাহিদা আগের বছরের কাছাকাছি থাকতে পারে। খাদ্য ও শিল্প খাতে ব্যবহার বাড়ার সম্ভাবনা থাকলেও পশুখাদ্যসহ অন্যান্য খাতে চাহিদা কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সয়াবিনের উৎপাদন ও ব্যবহারেও নতুন রেকর্ডের আভাস দিয়েছে সংস্থাটি। চলতি বিপণন বছরে বিশ্বে সয়াবিন উৎপাদন বেড়ে ৪৩ কোটি ৯০ লাখ টনে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ ফলনের প্রত্যাশাকে এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখছে আইজিসি।
একই সময়ে বিশ্বে সয়াবিনের ব্যবহার বেড়ে ৪৪ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে। সয়াবিন থেকে উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ায় প্রক্রিয়াকরণের পরিমাণও বাড়বে। এর ফলে বিশ্ববাজারে সয়াবিনের মজুদ আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী বছর আন্তর্জাতিক বাজারে সয়াবিনের বাণিজ্য ১৯ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। এ প্রবৃদ্ধিতে এশিয়ার বাড়তি চাহিদা বড় ভূমিকা রাখবে।
অন্যদিকে আইজিসির শস্য ও তৈলবীজ মূল্যসূচক (জিওআই) ৪ শতাংশ কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গম ও ভুট্টার দাম কমে যাওয়ায় সামগ্রিক সূচকে এ পতন হয়েছে। তবে চালের গড় মূল্য বৃদ্ধি সূচকের নিম্নমুখী প্রবণতাকে কিছুটা সীমিত করেছে। এ সময়ে গমের উপসূচক কমেছে ৭ শতাংশ।
আইজিসির মতে, দক্ষিণ গোলার্ধের দেশগুলোয় রেকর্ড ফলনের প্রত্যাশা, কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ এবং মুদ্রাবাজারের ওঠানামা গমের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। ফলে চালের বাজারে উৎপাদন হ্রাসের পূর্বাভাস থাকলেও সামগ্রিক শস্যবাজারে বিভিন্ন পণ্যের দামে ভিন্নধর্মী প্রবণতা দেখা যাচ্ছে।