![]()
ইবি রিপোর্ট
বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে সরে যান। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পর দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল শুরু করেন পোশাকশ্রমিকেরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরপর শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যানবাহন চলাচল প্রায় পাঁচ মিনিট বন্ধ থাকে।
পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে অবস্থান নেয় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়তে থাকলে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় গিয়ে অবস্থান নেন।
পরবর্তী সময়ে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে ধাওয়া দিয়ে তাঁদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হয়।
এরপর দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিক্ষোভের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।