![]()
ইবি রিপোর্ট
গভীর রাতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের আটক করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত চারজনের সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত হওয়া তিনজন হলেন জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলার প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা হামলার স্থান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুরে সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। একই সঙ্গে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।
তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বাড়িতে অবস্থানরত সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদের ওপর বিকট শব্দ শুনতে পান তিনি। শব্দের পর বাইরে বের হওয়ার চেষ্টা করলে বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এদিকে ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। পাশাপাশি ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে আরও অভিযোগ করে সাদিক কায়েম বলেন, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।
এ ঘটনায় পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত হওয়া তিনজনকে আটকের পাশাপাশি চতুর্থ ব্যক্তির পরিচয় নিশ্চিত করার কাজও চলছে।