![]()
ইবি রিপোর্ট
স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে প্রাপ্য পেনশন ও ভাতা উত্তোলন করতে পারছেন না বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অভিযোগ জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম। পেনশন-সংক্রান্ত জটিলতায় আর্থিক সমস্যায় পড়ার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। এ সময় তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং এ বিষয়ে কোনো দরখাস্ত রয়েছে কি না, তা জানতে চান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারকও তুলে দেন তিনি।
শুভেচ্ছা স্মারক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগে নিজের পারিবারিক পেনশন ও ভাতা-সংক্রান্ত সমস্যার কথা জানান বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম। স্বামীর প্রাপ্য আর্থিক সুবিধা নিয়মিত উত্তোলন করতে না পারার বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর নজরে আনেন।
নুরজাহান বেগম জানান, তাঁর স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিতভাবে তুলতে পারছেন না। দীর্ঘদিন ধরে এই জটিলতা চলতে থাকায় তাঁকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
নুরজাহানের অভিযোগ শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন। পাশাপাশি এ বিষয়ে কোনো দরখাস্ত করা হয়েছে কি না, তা জানতে চান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি নিজের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান তিনি।
উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সাহসী সংগঠক ও বেইজ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।